Main Menu

খোঁজ মিলেছে কোটা সংস্কার আন্দোলনের নেতা তারেকের

বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. তারেক রহমানের সন্ধান মিলেছে।

বুধবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ফেসবুক লাইভে আসেন। এসময় তাকে বেশ বিচলিত ও আতঙ্কিত থাকতে দেখা গেছে।

এর আগে গত ১৪ জুলাই শনিবার তারেক নিখোঁজ হন। এরপর সোমবার দুপুরে তারেককে ফিরিয়ে দিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন তারেকের বাবা মো. আব্দুল লতিফ এবং মা শাহানা বেগম।

সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ বলেছিলেন, ‘গত ১৪ জুলাই তারেকের সঙ্গে শেষ কথা হয় আমার মেয়ের। সে ফোনে বলছিল- সাদা পোশাকে কেউ তাকে অনুসরণ করছে ও খুঁজছে। এই কথার পর থেকে আমরা তার মোবাইল বন্ধ পাই। পরদিন রবিবার মধ্যরাতে শাহবাগ থানায় তারেকের মা জিডি করতে গেলে ডিউটি অফিসার জানান তারা তদন্ত করে জিডি নেবে।’

নিখোঁজের ৪দিন পর আজ বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে তারেক বলেন, ‘আমি গ্রেফতার হইনি। আমার সেরকম কিছু হয়নি। আমি এখন আমার বাবার সঙ্গে আছি। আপনারা ভুল খবর প্রচার করে মানুষকে বিভ্রান্ত করবেন না। লিফলেট বা ব্যানার বানানোর কারণে রিমান্ড দেওয়া হবে বা মানুষকে গ্রেফতার করা হবে এই রকম ঘটনা আসলে ঘটে না।’

তিনি বলেন, ‘আমার গ্রেফতারের খবরে আমার বাবা-মা, পরিবার সবাই দুঃচিন্তা করছিল। বাবা-মা সংবাদ সম্মেলন করে আমাকে এভাবে বিব্রত না করলেও পারত। কারণ তড়িঘড়ি কোনও কিছু ভালো না। সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন।’

নিখোঁজের দিনের বিষয় তারেক ফেসবুক লাইভে বলেন, ‘সেদিন আমি ব্যানার বানাতে ফকিরাপুলে গিয়েছিলাম। সেখানকার মালেক ম্যানশনের একটি দোকানে লিফলেটের জন্য কাগজগুলো জমা দিই। এসময় দেখি আমাকে অনেকে অনুসরণ করছে। ওই সময় আমি আমার মোবাইল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যাই। সেসময় আমার কাছে মোবাইল ছিল না। অন্য জনের কাছে রেখে চলে যাই। আমি কোনও রকমে একটি মোবাইল জোগাড় করে ফেসবুক লাইভে আসলাম। এখনও আমার সিমগুলো তাদের কাছে আছে।’

তিনি আরও বলেন, ‘আমি খুবই অসুস্থ। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার গায়ে অনেক জ্বর। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। আবারও ডাক্তারের কাছে যেতে হবে। মানুষিকভাবে অনেকটা হযবরল অবস্থায় আছি। কারণ আমি ভয়ে ভয়ে আছি। আর এদিকে প্রচার করা হচ্ছে- আমাকে রিমান্ডে নেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। অতি উৎসাহে কোটা আন্দোলনের বেশি বাড়াবাড়ি করা ঠিক না।’

কোটা বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যেখানে আশ্বস্ত করেছেন যে, কোটা নিয়ে কমিটি হয়েছে এবং প্রজ্ঞাপন দেওয়া হবে। আপনারা বিশ্বাস রাখতে পারেন এবং সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে পারেন। বিভিন্ন মহল নানা রকম অপপ্রচার চালাচ্ছে এই আন্দোলনের অনুপ্রবেশের জন্য। সেই বিষয়ে আপনারা নজর রাখবেন।’

Share





Related News

Comments are Closed