Main Menu

হবিগঞ্জে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের সাহেববাড়ি মসজিদে ইমাম নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাদশা মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানশী জামে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষে বিরোধ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে ছিলেন নিহত বাদশা মিয়া আর অন্য পক্ষে একই গ্রামের সামছুল হক। আগের বিরোধকে কেন্দ্র করেই গতকাল সন্ধ্যায় দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বাদশা মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

Share





Related News

Comments are Closed