বিএনপি থেকে বহিস্কার হলেন বদরুজ্জামান সেলিম
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবশেষে বহিস্কৃত হলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত (বিএনপির বিদ্রোহী) মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিম।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ এনে মঙ্গলবার (১০ জুলাই) কেন্দ্রীয় বিএনপির সহ দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে বহিস্কার করা হয়।
দলীয় প্যাডে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়- ”দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র মোতাবেক সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীকে এখন থেকে তার সাথে যোগাযোগ না রাখতে অনুরোধ করা হয়।
এর আগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। শুরু থেকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিএনপি থেকে আরো পাঁচ মনোনয়ন প্রত্যাশী আরিফের বিরুদ্ধে অবস্থান নেন। পরে দলের চাপে বাকিরা আরিফ বিরোধী অবস্থান থেকে ফিরে আসলেও অনড় থাকেন বদরুজ্জামান সেলিম। এরপর তিনি দলীয় প্রার্থী আরিফের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন দাখিল করেন।
সোমবার (০৯ জুলাই) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিএনপির কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী সিলেটে এসে বদরুজ্জামানকে মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানালেও তিনি কথা রাখেননি। এরপর থেকেই বদরুজ্জামান সেলিমের বহিস্কারের গুঞ্জন ওঠে। সর্বশেষ কেন্দ্র কর্তৃক বদরুজ্জামান সেলিমের বহিষ্কারাদেশে সে গুঞ্জন সত্যি রূপ নিলো।
এর আগে গতকাল সোমবার সেলিমকে বহিষ্কারের গুঞ্জন শোনা গেলে সেসময় সেলিম বলেন, ‘আই ডোন্ট মাইন্ড। নো প্রবেলম। আমি ৮ জুলাই সভাপতির কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছি। আমি নিজ থেকে পদত্যাগ করা আর আমাকে বাদ দেওয়া, মুদ্রার এপিঠ-ওপিঠ। আমি যেহেতু নাগরিক কমিটি থেকে নির্বাচন করছি, সেহেতু দল থেকে তো করার সুযোগ নেই।’
প্রসঙ্গত, বদরুজ্জামান সেলিম আগামি ৩০ জুলাই অনুষ্টিতব্য সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে কাজ করছেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে এখনো অনড় রয়েছেন তিনি।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed