Main Menu

কক্সবাজারে পাহাড় ধস ও গাছ চাপায় ২ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে মাটি চাপায় এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গাছ চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের দিকে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকা এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সংশ্লিষ্টরা।

মৃতরা হলেন— মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বাসিন্দা মো. বাদশা মিয়া (৩৫) এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জামতলী এলাকার হোসেন আহমদের ছেলে মোহাম্মদ আলী (২০)।

মহেশখালী থানার ওসি প্রদীপ বলেন, গত ৩ দিন ধরে সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মহেশখালীতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার ভোর থেকেও প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

তিনি বলেন, মঙ্গলবার সকালে হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় ভারী বৃষ্টিপাতের সময় বাড়ির শৌচাগারে ছিলেন স্থানীয় বাসিন্দা মো. বাদশা মিয়া। এসময় পাহাড় ধসে বাড়ির পেছনের অংশের উপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই মাটি চাপা পড়ে বাদশা মিয়া মারা যান।

মৃতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি প্রদীপ।

এদিকে, ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জামতলী এলাকায় গাছ চাপায় মোহাম্মদ আলী নামের একজনের মৃত্যু হয়েছে বলে জানান উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের।

ওসি বলেন, গত কয়েকদিন ধরে উখিয়ায় ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকালে ঝড়ো হাওয়ার সময় গাছ চাপা পড়ে এক রোহিঙ্গার মৃত্যু হয়।

মৃতদেহ উদ্ধার করে ক্যাম্পের স্থানীয় এক হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি খায়ের।

Share





Related News

Comments are Closed