Main Menu

চাল পেলেন হবিগঞ্জের সাড়ে ৪ হাজার মানুষ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন ঈদুল ফিতর ও পবিত্র রমজান মাস উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ৪ হাজার ৬২১ জনের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

রোববার (১০ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৮টি কেন্দ্রে এই চাল বিতরণ করা হয়। এর আগে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির।

হবিগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারুল বালা দাশ জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে উল্লেখিত সংখ্যক নারী এবং পুরুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

পৌরসভার কাউন্সিলর জাহির মিয়া জানান, সংসদ সদস্যের হাত থেকে হতদরিদ্র লোকজন ঈদ উপলক্ষে এ চাল গ্রহণ করে অত্যন্ত আনন্দিত। তাদের অনেকেই চাল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেছেন।

চাল বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহীসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার লোকজন।

এ সময় এডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীর মুখে খাবার না দিয়ে শেখ হাসিনা নিজে খাবার গ্রহণ করেন না। আর বিএনপি নেত্রী জনগণের সম্পদ লুটপাটসহ এতিমের টাকা আত্মসাত করেন। তাই দেশের জনগন আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করে।

এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

Share





Related News

Comments are Closed