Main Menu

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন— মোখলেছ শেখ (৩০), মনিরুল ইসলাম (৪০) ও সাইদুল ইসলাম (৩৫)। কুড়িগ্রাম নাগেশ্বর উপজেলার চর বলরামপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মোখলেছ। আর মনিরুলের বাড়ি চাপাইনবাবগঞ্জ বলে জানা গেছে।

নির্মাণ শ্রমিক আব্দুর রহিম জানান, ধানমন্ডি ৫ নম্বর রোডের সেন্ট্রাল হাসপাতালের পাশে নির্মাণাধীন কনকর্ড টাওয়ারের ১৩ তলার বাইরের পাশে মাচাং বেধে দেয়াল আস্তরনের কাজ করছিল তারা। এসময় মাচাং ভেঙে পড়ে যান মোখলেছ, মনিরুল ও সাইদুল। এতে গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম বলেন, বিকালে কনকর্ড টাওয়ারের ১৩তলায় কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যান তিন শ্রমিক।

তিনি জানান, তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মোখলেছ ও মনিরুল নামে দুই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সাইদুল নামে আরেকজনকে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। পরে দুই হাসপাতালেরই কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।

মৃতদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed