Main Menu

৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ

বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সার্বিকভাবে ১ লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা ঘাটতি রেখে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেটে বিগত বছরের চেয়ে ৬৪ হাজার ৩০৭ কোটি টাকা বেশি। যা জিডিপির মোট ৪ দশমিক ৯ শতাংশ।

বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী নতুন অর্থবছরের এ বাজেট পেশ করেন। এর আগে বিদায়ী অর্থবছরের সম্পূরক বাজেট তুলে ধরেন তিনি।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটে বরাবরের মতোই অর্থের প্রধান খাত রাজস্ব আদায়। এবারের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা। যা গত বাজেটের চেয়ে ৪৮ হাজার ১১ কোটি টাকা বেশি। যদিও বিদায়ী অর্থবছরে এনবিআর লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ হাজার ১৯০ কোটি টাকা আদায় করতে পারেনি।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এ লক্ষ্যমাত্রা বাস্তব সম্মত। কারণ মানুষ কর পরিশোধে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী।

ঘাটতি অর্থায়নে বৈদেশিক সূত্র থেকে ৫৪ হাজার ৬৭ কোটি টাকা ও অভ্যন্তরীণ উৎস হতে ৭১ হাজার ২২৬ কোটি সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ৪২ হাজার ২৯ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক বহিঃর্ভূত উৎস থেকে সংগ্রহ করা হবে ২৯ হাজার ১৯৭ কোটি টাকা।

বিদায়ী অর্থবছরে এ লক্ষ্য ধরা হয়েছিল ২ লাখ ৮৭ হাজার ৯৯০ কোটি টাকা। আদায় সন্তোষজনক না হওয়ায় তা সংশোধন করে ২ লাখ ৫৯ হাজার ৪৫৪ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।

২০১৭-১৮ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৪ লাখ ২৬৬ কোটি টাকা। সংশোধন করে তা ৩ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছিলো। এছাড়া বৈদেশিক অনুদান থেকে চার হাজার ৫১ কোটি টাকা পাওয়া যাবে বলে বাজেট বক্তব্যে আশা প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী।

২০১৮-১৯ অর্থবছরের মূল বাজেটের আকার বাংলাদেশের মোট জিডিপির ১৮.৩ শতাংশ। গতবছর প্রস্তাবিত বাজেট ছিল জিডিপিরি ১৮ শতাংশ। এবারের বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৬৯ কোটি টাকা। যার ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা ব্যয় করা হবে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি)। আর অনুন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮২ হাজার ৪১৫ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত অনুন্নয়ন বাজেটের চেয়ে ৩৪ শতাংশ বেশি।

Share





Related News

Comments are Closed