Main Menu

বড়লেখায় যুবলীগ নেতা খুন

বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় প্রতিপক্ষের হামলায় সামছুল ইসলাম (৫৫) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন।

শুক্রবার (১ জুন) বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সামছুল ইসলাম উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত লুৎফুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের নেতা ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সামছুল ইসলামের সাথে প্রায় মাসখানেক আগে একই এলাকার সমছ উদ্দিনের কথা কাটাকাটি হয়। এ বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। সমছ উদ্দিনের এক আত্মীয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সামছুল ইসলামকে জড়িয়ে অশালীন মন্তব্য করেন। ফেসবুকে পোস্টটি দেখে শুক্রবার দুপুরে সামছুল ইসলাম সমছ উদ্দিনের চাচাতো ভাই বদরুল ইসলাম বদইয়ের কাছে বিচার চান। এসময় উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। খবর পেয়ে বদরুল ইসলাম বদইয়ের স্বজনরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে সামছুল ইসলামের ওপর হামলা চালান। হামলায় সামছলু ইসলাম মাথায় ও বুকে আঘাত পান।

গুরুতর আহত অবস্থায় সামছুলকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Share





Related News

Comments are Closed