Main Menu

কুলাউড়ায় অগ্নিকান্ডে ৮ টি দোকান পুড়ে ছাই

কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মার্কেটে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় আট লক্ষাধিক টাকার। উদ্ধার করা হয়েছে আরও ২৫ লক্ষ টাকার মালামাল।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর শহরের স্কুল চৌমুহনীতে একটি মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে স্কুল চৌমুহনীর একটি মার্কেটে তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মিনিটের ব্যবধানে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের অন্য ৮টি দোকানে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কুলাউড়া ফায়ার স্টেশনের ফায়ারম্যান তপন ভৌমিক জানান, মূলত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে মার্কেটের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। যার মধ্যে তুলার গুদাম, ভ্যারাইটিজ স্টোর, সেলুন, ফার্নিচারের দোকান, কনফেকশনারি, ফার্মেসী ও লাইব্রেরি রয়েছে। এই ঘটনায় আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নির্ণয় করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও ২৫ লক্ষ টাকার মালামাল।

Share





Related News

Comments are Closed