Main Menu

ফের পেছালো অনন্ত বিজয় হত্যা মামলার চার্জ গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার চার্জ গঠন আগামী ৩০ জুন নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৪ মে) সিলেট মহানগর দায়রা জজ আদালত অনন্ত হত্যা মামলার অভিযোগ গঠনের এই নতুন তারিখ নির্ধারণ করেন।
মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানান, মামলাটি মহানগর দায়রা জজ থেকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। অভিযোগ গঠনের তারিখ ধার্যের মধ্য দিয়ে অনন্ত হত্যা মামলার বিচারপ্রক্রিয়া শুরু হচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে সকালে সিলেট নগরীর সুবিদবাজারে নিজ বাসার অদূরে খুন হন অনন্ত বিজয়। বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি তিনি যুক্তি নামে বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ছিলেন গণজাগরণ মঞ্চ, সিলেটের অন্যতম সংগঠক।
হত্যাকাণ্ডের একদিন পর অনন্তের বড় ভাই রতেœশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাত চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এতে বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়।
মামলাটি প্রথমে তদন্ত করলেও পরে তা অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৯ মে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে ছয়জনকে অভিযুক্ত করে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া সাংবাদিক ইদ্রিসসহ ১০ জনকে অব্যাহতি দেয়া হয়।
এই মামলায় ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছিল। তারা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ফালজুড় গ্রামের জমশেদ আলীর ছেলে আবুল হোসেন ওরফে আবুল হোসাইন (২৫), একই উপজেলার খালপাড় তালবাড়ি গ্রামের আবদুর রবের ছেলে ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বীরেন্দ্র নগর বাগলী গ্রামের আমির উদ্দিনের ছেলে হারুনুর রশিদ (২৫), কানাইঘাট থানার পূর্ব ফালজুড় গ্রামের হাফিজ মঈন উদ্দিনের ছেলে মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াহিয়া ওরফে ইবনে মঈন (২৪), ফালজুড় গ্রামের জোয়াদুর রহমানের ছেলে আবুল খায়ের রশিদ আহমদ (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়ার কালীশ্রী পাড়ার ফেরদৌস-উর-রহমানের ছেলে শফিউর রহমান ফারাবী (৩০)। এদের মধ্যে মান্নান রাহী, রশিদ আহমদ ও ফারাবী কারাগারে আছেন এবং বাকিরা পলাতক রয়েছেন।
আর মামলা থেকে যে ১০ জনকে অব্যাহতি দেয়া হয়েছে, তারা হলেন- সিলেটের স্থানীয় দৈনিক সবুজ সিলেটের আলোকচিত্রী ইদ্রিছ আলী (২৪), সিলেটের কানাইঘাট উপজেলার পূর্ব ফালজুড় গ্রামের হাফিজ মঈন উদ্দিনের ছেলে মোহাইমিন নোমান (১৯), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রমনপুর জমাদার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে সাদেক আলী মিঠু (২৮), যশোর জেলার কোতোয়ালী থানার এসএমএ করিম রোডের এএফ রশিদুর রহমানের ছেলে তৌহিদুর রহমান গামা (৫৯), ঢাকার মিরপুরের জব্বার মল্লিকের ছেলে আমিনুল মল্লিক (৩৫), যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলার মইনউদ্দিনের ছেলে জাকিরুল্লাহ হাসান (১৯), পল্লবীর বাউনিয়াবাদ কলোনীর তাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম আরফান মুসফিক (২০), বাগেরহাটের গোয়াখালি গ্রামের রেজাউল কবির বিশ্বাসের ছেলে জুলহাস বিশ্বাস (২৪), নওগাঁ জেলার মহাদেবপুরের ডা. আনোয়ারুল ইসলামের ছেলে জাফরান হাসান (২০) এবং বরগুনার হেউলিবুনিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে আবুল বাশার (৪০)।
গত বছরের ২০ জুন আদালত পলাতক তিনজনের সম্পদ ক্রোক করার নির্দেশ দেন। পরে ১৬ জুলাই অভিযোগ গঠনের কথা থাকলেও তা পিছিয়ে যায়। এরই মধ্যে আসামী পক্ষের আইনজীবী সাফিউর রহমান ফারাবীর জামিন আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন খারিজ করে দেন। পরে অভিযোগ গঠনে নতুন তারিখ ধার্য হয় আজ সোমবার।

Share





Related News

Comments are Closed