শ্রীমঙ্গলে চায়ের পরীক্ষামূলক নিলাম শুরু কাল
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ডিসেম্বরে উদ্বোধন হয়েছে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলামকেন্দ্রের। তবে এ কেন্দ্রে এতোদিন কোনো নিলাম অনুষ্ঠিত হয়নি। এবার সেই প্রতীক্ষারও অবসান হতে যাচ্ছে। আগামীকাল ১৫ মে থেকে শ্রীমঙ্গলের নিলামকেন্দ্রে শুরু হতে যাচ্ছে চায়ের আন্তর্জাতিক নিলাম।
টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) পরিচালনায় এ কেন্দ্রে পরপর তিনটি আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হবে। এ সময় চট্টগ্রামে অনুষ্ঠিত চায়ের আন্তর্জাতিক নিলাম বন্ধ রাখা হবে। টি সেলস কো-অর্ডিনেশন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরীক্ষামূলক নিলামের পর পর্যালোচনা শেষে দেশের দ্বিতীয় চা নিলামকেন্দ্রের পরবর্তী কার্যক্রমবিষয়ক সিদ্ধান্ত নেয়া হবে।
রাজধানীতে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মো. ইরফান শরীফ, কমিটির সদস্য সচিব ও চা বোর্ডের উপপরিচালক (বাণিজ্য) মুহাম্মদ মদহুল কবীর চৌধুরী, টিটিএবির সহসভাপতি মো. ইউসুফ এবং শ্রীমঙ্গলে চায়ের নিলাম আয়োজনে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) সদস্য সচিব জহর তরফদার।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক চলতি বছরই শ্রীমঙ্গলের নিলামকেন্দ্রে চায়ের তিনটি আন্তর্জাতিক নিলাম আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে প্রথম নিলাম। পরের দুটি নিলাম অনুষ্ঠিত হবে ২৬ জুন ও ১৭ জুলাই। এ কারণে চট্টগ্রামে পূর্বনির্ধারিত মৌসুমের ৫, ১০ ও ১৮ নম্বর আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হবে না। এছাড়া চট্টগ্রামে প্রথাগতভাবে সপ্তাহের প্রতি মঙ্গলবার চায়ের আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হলেও শ্রীমঙ্গলে তিনটি নিলাম হবে বুধবারে।
এ বিষয়ে টিটিএবির সহসভাপতি মো. ইউসুফ বলেন, শ্রীমঙ্গলের নিলামকেন্দ্রে আন্তর্জাতিক নিলাম আয়োজনের দায়িত্ব পেয়েছে টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এখানে তিনটি আন্তর্জাতিক নিলামের পর পরিস্থিতি পর্যালোচনা করে দেশের দ্বিতীয় নিলামকেন্দ্রের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেবে চা বোর্ড। তিনি জানান, ২০১৭ সালের ৮ ডিসেম্বর দেশের দ্বিতীয় নিলামকেন্দ্র উদ্বোধনের পর চা বোর্ডের পক্ষ থেকে মৌলভীবাজারে পাঁচটি ব্রোকার হাউজের লাইসেন্স ইস্যু করা হয়েছে। শ্রীমঙ্গলে চা বিক্রির জন্য অনুমোদিত ব্রোকার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জালালাবাদ টি ব্রোকার্স, এসটি ব্রোকার্স লিমিটেড, এসটিএলটি ব্রোকার্স লিমিটেড, গ্রেটার সিলেট টি ব্রোকার্স লিমিটেড ও শ্রীমঙ্গল টি ব্রোকার্স লিমিটেড।
গত ২৯ মার্চ টি কো-অর্ডিনেটর সেলের এক বৈঠকে ২০১৮-১৯ অর্থবছরে চায়ের ৪৫টি আন্তর্জাতিক নিলামের সময়সূচি প্রকাশ করা হয়। ২৪ এপ্রিল থেকে ২০১৯ সালের ১২ মার্চ পর্যন্ত প্রতি মঙ্গলবার চট্টগ্রামের নিলামকেন্দ্রে এবারের মৌসুমের ৪৫টি আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। এর মধ্যে ছুটি থাকায় ১ মে অনুষ্ঠেয় মৌসুমের দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম আগের দিন অনুষ্ঠিত হবে। ২৫ ডিসেম্বরের অনুষ্ঠেয় ৩৪তম নিলাম বড়দিনের কারণে পরদিন ২৬ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্বনির্ধারিত ১৩ জুনের অষ্টম নিলাম, ৯ জুলাইয়ের নবম নিলাম ও ১০ সেপ্টেম্বরের ১৭তম নিলাম যথাক্রমে শবেকদর, ঈদুল ফিতর, ঈদুল আজহার ছুটির মধ্যে পড়ায় এসব নিলামের পরিবর্তিত তারিখ পরে নির্ধারণ করা হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed