Main Menu

নবীগঞ্জে প্রবাসির মা ও স্ত্রীকে হত্যা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বউ-শাশুড়িকে নির্মমভাবে খুন করেছে দুর্বৃক্তরা।

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী মালা বেগম (৫০) ও তার পুত্রবধূ রুমি বেগম (২২)। নিহত রুমি ওই বাড়ির লন্ডন প্রবাসী আকলাক চৌধুরীর স্ত্রী।

রোববার রাত ১১ টার দিকে উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করে তদন্তে নেমেছেন।

এ ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে করছেন স্থানীয় লোকজন। তবে নিহতের স্বজনরা ধারনা করছেন কোন ডাকাতদল এ ঘটনাটি ঘটিয়েছে।

সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র আকলাক মিয়া দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করছেন। গত ২ বছর পূর্বে একই গ্রামের ডা. নজরুল ইসলামের ছোট বোন রুমি বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে বাড়িতে শুধু মা মালা বেগম ও স্ত্রী রুমি বেগম থাকতেন। রোববার রাত ১১ টার দিকে হঠাৎ ‘আগুন আগুন’ বলে ওই গ্রামে চিৎকার শুরু হলে গ্রামের বিভিন্ন মানুষ ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান লন্ডন প্রবাসী আকলাক মিয়ার বাড়িতে রক্তাক্ত লাশ পরে আছে। স্থানীয় লোকজন ওই বাড়িতে গিয়ে ঘরের বাহির থেকে গৃহবধূ রুমি বেগম ও ঘরের ভিতরে তার শাশুড়ি মালা বেগমের ক্ষতবিক্ষত নিথর দেহ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল গিয়ে লাশ দু‘টির সুরতহাল রিপোর্ট তৈরী করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে বউ-শাশুড়িকে হত্যা করা হয়েছে। তাদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ তদন্ত করে জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

Share





Related News

Comments are Closed