Main Menu

সিলেটের তিন জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগের চার জেলায় বজ্রপাতে নিহতের হার বেশি, যাদের অধিকাংশই মাঠের কাজ করতে যাওয়া কৃষক বা মাছ ধরতে যাওয়া জেলে। এ অঞ্চলের অনেকেই এখন বজ্রপাতের শিকার হওয়ার ভয়ে কাজে যেতে ভয় পাচ্ছেন।
মঙ্গলবার (৮ মে) সিলেটের তিন জেলায় বজ্রপাতের শিকার হয়ে মারা গেছেন নারী ও শিশুসহ ৮ জন।

Manual3 Ad Code

সুনামগঞ্জ :
সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এসব মৃত্যুর ঘটনা ঘটে। বজ্রপাতে আহত হয়েছেন আরও ৩ জন।
নিহতরা হলেন- তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মুক্তুল হোসেনের ছেলে কৃষক নূর হোসেন (২২), বিশ্বম্ভরপুর উপজেলার দণি বাদাঘাট ইউনিয়নের পুরান গাঁওয়ের হযরত আলীর স্ত্রী শাহানা বানু (৩৫), দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুববন্ধ গ্রামের আরশাদ আলীর ছেলে ফেরদৌস (১২), বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ক্ষিরদরপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে সুরমা বেগম (২২) ও দিরাই উপজেলার ৯ নং কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের মৃত ফজর আলীর ছেলে মুসলিম উদ্দিন (৭৫)।
স্থানীয়রা জানান, দুপুরে ভাটি তাহিরপুরে মুক্তুল হোসেন গ্রামের পাশে শনিরহাওরে ধান ক্ষেতে কাজ করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার আত্মীয়-স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, বিশ্বম্ভরপুর উপজেলার দণি বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও গ্রামে শাহানা বানু বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল জানান, দণি বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও গ্রামে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
এ ছাড়াও দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতে দোয়ারাবাজার উপজেলায় ফেরদৌস (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস জানান, দুপুরে বাড়ির পাশের ডোবায় মাছ ধরছিল ফেরদৌস। এসময় বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ক্ষিরদরপুর গ্রামে সুরমা বেগম (২২) মরিচ ক্ষেতে কাজ করা সময় বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এ সয়ম লিলি বেগম নামের এক শিশু আহত হয়েছে। ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান রনজিত রাজন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে, দিরাই উপজেলার ৯ নং কুলঞ্জ ইউনিয়নে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে মুসলিম উদ্দিন (৭৫) নামের একজন মারা গেছেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরেক বজ্রপাতের ঘটনায় জামালগঞ্জ উপজেলায় ধানের খলায় কাজ করার সময় তিনজন কৃষক আহত হয়েছেন। আহতরা হলেন, ফেরারবাক ইউনিয়নের হঠামারা গ্রামের বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে তৈয়বুর রহমান (১৭), একই গ্রামের আব্দুল আহাদের ছেলে আব্দুর রহমান ও সাহেব আলী ছেলে নবী হোসেন। ফেনারবাক ইউপি’র সদস্য কে এম আব্দুর রহিম আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার :
মৌলভীবাজারে বজ্রপাতে পৃথক স্থানে এক কৃষক ও এক মৎসজীবীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার (৮ মে) দুপুরে সদর উপজেলা ও শ্রীমঙ্গলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার সদর উপজেলার আবু সামাদ (১৭) এবং শ্রীমঙ্গল উপজেলার মফিজ মিয়া (৩০)। স্থানীয়রা জানান, দুপুরে সদর উপজেলার খলিলপুরে বাড়ির পাশে ধান কাটার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই কিশোর আবু সামাদ মারা যায়। আবু সামাদ একই এলাকার ফয়েজ উদ্দিনের পুত্র।
অপরদিকে, শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর এলাকায় নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে মফিজ মিয়া নামের এক মত্স্যজীবী ঝড়-বৃষ্টির কবলে পড়েন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন তার ভাই রসিক মিয়া (৩৬) ও নজির মিয়া (৬০) নামে আরো এক কৃষক। নিহত মফিজ মিয়া উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

Manual3 Ad Code

হবিগঞ্জ :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন সুজন মোড়া (২৭) নামের এক চা শ্রমিক।
মঙ্গলবার (৮ মে) বিকেল ৫টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুজন মোড়া চুনারুঘাট উপজেলার জোয়ালভাঙ্গা চা বাগানের কানাই মোড়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে অন্যান্য সহকর্মীদের সঙ্গে নবীগঞ্জের একটি হাওরে ধান কাটতে যান সুজন মোড়া। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় তার মৃত্যু হয়।
জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code