Main Menu

সিলেটে আদালতে পুলিশ লাঞ্ছনার ঘটনায় এক নারী কারাগারে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এজলাসের ভেতরে বৃহস্পতিবার তিন পুলিশ সদস্যকে লাঞ্ছনার ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীর নাম শংক রানী সরকার (৩৪)। তিনি নেত্রকোনার কলমাকন্দা থানার কেশবপুর গ্রামের অপূর্ব কান্তি তালুকদারের স্ত্রী। বর্তমানে সিলেট শহরতলীর খাদিমনগরের বহর মণিপুরী পাড়ায় বসবাস করেন।
আদালত সূত্র জানায়, গ্রেফতারকৃত নারী শংক রানী সরকারের বিরুদ্ধে দায়েরকৃত একটি প্রতারণা মামলা (সিআর ১৫৭৪/১৭) সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন। এই মামলার নির্ধারিত তারিখ ছিল বৃহস্পতিবার। আদালতে ওই সময়ে অন্যান্য মামলার কার্যক্রম চলাকালে হঠাৎ তিনি জোরপূর্বক দায়িত্বরত পুলিশ সদস্যদের বাধা না মেনে আদালতের এজলাসের ভেতরে প্রবেশ করেন। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) সাইফুজ্জামান হিরোর নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।
লাঞ্ছনার শিকার পুলিশ সদস্যরা হলেন- নারী কনস্টেবল শিউলি বেগম, লিজা বেগম ও এটিএসআই রাহাত আহমদ। এদের মধ্যে আহতবস্থায় কনস্টেবল লিজা বেগম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, এ ঘটনায় পুলিশ কনস্টেবল শিউলি বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামী করা হয়েছে শংক রানী সরকার নামের এক মহিলাকে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed