Main Menu

৭ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে না

বৈশাখী নিউজ ডেস্ক:  উৎক্ষেপনের জন্য আগামী ৭ মে নির্ধারিত থাকলেও সেদিন উৎক্ষেপণ হচ্ছে না বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। নতুন দিনক্ষণ নির্ধারিত হলে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

তবে কবে নাগাদ উৎক্ষেপন হতে পারে সেটা নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা ভীষণ টেকনিক্যাল বিষয়। আমরা কখনও বলিনি যে, ৭ তারিখেই উৎক্ষেপণ হবে। এটি প্রথমে পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে। পরবর্তীতে চূড়ান্ত দিন নির্ধারিত হবে। আগামী ৭ মে এটা উৎক্ষেপণের জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেই দিনটা এখন আর ঠিক থাকছে না।’

তবে কবে নাগাদ তারা এটা উৎক্ষেপণ করা সম্ভব হবে সেটা শীঘ্রই জানা যাবে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘এখানে আমাদের কোনও হাত নেই। আমরা নিজেরা এখনও প্রতিনিধি দল পাঠাইনি। সবাই এটি উৎক্ষেপণের জন্য অপেক্ষা করছি। একটা স্যাটেলাইট উৎক্ষেপণের আয়োজন অনেক বড়। সবকিছু চূড়ান্ত হওয়ার পরই তারা এটা উৎক্ষেপণ করে।’

জানা গেছে, ৭ মে উৎক্ষেপণের দিন মাথায় রেখে ২ মে একটা পরীক্ষা চালানোর কথা থাকলেও সেটি সম্পন্ন হয়নি। এই পরীক্ষার জন্য ৪ মে অর্থাৎ শুক্রবার দিনক্ষণ ঠিক করেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি। এরপর সিদ্ধান্তে আসতে আরও ৩/৪ দিন সময় লাগবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে দুই হাজার নয়শ সাতষট্টি কোটি পঁচানব্বই লাখ টাকা খরচ ধরা হয়। এর মধ্যে সরকারি অর্থ এক হাজার তিনশ পনেরো কোটি একান্ন লাখ টাকা। আর বিদেশি অর্থায়ন এক হাজার ছ’শ বাহান্ন কোটি চুয়াল্লিশ লাখ টাকা। তবে শেষ পর্যন্ত স্যাটেলাইট ওড়াতে সর্বমোট খরচ হচ্ছে দুই হাজার সাতশ পঁয়শট্টি কোটি টাকা।

Share





Related News

Comments are Closed