Main Menu

শ্রীমঙ্গলে বজ্রপাতে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে অজয় গোয়ালা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো চারজন।

সোমবার (৩০ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে বজ্রপাতে আহত হন অজয়সহ পাঁচ শ্রমিক। পরে হাসপাতালে নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে অজয়ের মৃত্যু হয়।

অজয় লাখাইছড়া চা বাগানের বাসিন্দা চা শ্রমিক দিপক গোয়ালার ছেলে। আহতরা হলেন, একই এলাকার রাখাল (৩২), জিতেন (৩০), কিশোর গোয়ালা (২৫) ও রিপন ভূঁইয়া (২০)।

স্থানীয়রা জানান, ঝড়বৃষ্টির মধ্যে ওই পাঁচজন লেবু বাগানে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের মধ্যে অজয় ও রিপনের অবস্থার অবনতি হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই অজয়ের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুস ছোবহান একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed