Main Menu

তাহিরপুরে ঝুঁকিতে ১০০০ হেক্টর জমির বোরো ধান

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিপুর উজেলার নাউটানা হাওর রক্ষা বাঁধ কেটে দেওয়ায় ঝুঁকিতে কয়েকটি হাওরের ১০০০ হেক্টর জমির বোরো ধান। বাঁধ কেটে দেওয়ায় পানি ঢুকছে ওই হাওরগুলোতে। যদি দ্রুত বাঁধ মেরামত না করা হয় তাহলে তলিয়ে যাবে হাওরের ফসল।
গত বৃহস্পতিবার রাতে কিছু অসাধু জেলে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামসংলগ্ন নাউটানা বাঁধটি কেটে দেয়। পানিতে জাল ফেলে মাছ ধরার জন্য তারা এ কাজ করেন বলে দাবি করেছেন এলাকার অনেক লোক। এ ঘটনার পর টাগুয়ার হাওরের এরালিয়াকোনা, গনিয়াকুরি, লামারগুলসহ কয়েকটি হাওরের ধান হুমকির মুখে পড়েছে। কেটে দেওয়া বাঁধ মেরামতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে তাহিরপুর উপজেলা প্রশাসন। ফসল রক্ষাবাঁধ কাটার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় টাংগুয়ার হাওরের কমিউনিটি গার্ডের সদস্য খসরুল আলম বাদী হয়ে তাহিরপুর থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রামসিংহপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আনোয়ার হোসেনকে গ্রেপ্তারও করেছে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সালাম বলেন, তাহিপুর উপজেলায় এখন পর্যন্ত ৬০ শতাংশ ধান কাটা হয়ে গেছে। তবে আমরা এরই মধ্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সবাই কেটে দেওয়া বাঁধটি পরিদর্শন করেছি। আরও দুই-তিন দিন এভাবে পানি প্রবাহিত হলে আশপাশে ১ হাজার হেক্টর জমির ক্ষতি হতে পারে। আশা করছি আগামীকাল ১২টার মধ্যে বাঁধটি মেরামত করা হবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের কোনো বাঁধ নয়। টাংগুয়ার হাওর রক্ষণাবেক্ষণ কমিটি এ বাঁধ তৈরি করেছে। তবে আমরা বাঁধ পরিদর্শন করেছি বড় ধরনের তেমন কোনো ক্ষতি হবে না।

Share





Related News

Comments are Closed