ছেলে হত্যার বিচার চাইলেন সালমানের মা
বৈশাখী নিউজ ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করা হয়েছিল দাবি করে ফের এ হত্যাকাণ্ডের বিচার চাইলেন তাঁর মা নীলা চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। এদিন সালমান শাহকে হত্যা করা হয়েছিল দাবি করে সালমান শাহ’র ভক্তরা আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন।
মানববন্ধনে নেতৃত্ব দেন সালমানের মা নীলা চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের কাছে সালমান শাহকে হত্যা করা হয়েছিল দাবি করে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, সালমান আত্মহত্যা করেন নাই। তাঁকে নিখুঁতভাবে এবং নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল।
বৃহস্পতিবার র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আগামী ২০ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
এর আগে, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি সালমান শাহ’র মা নীলুফার চৌধুরী ওরফে নীলা চৌধুরীর নারাজির পরিপ্রেক্ষিতে ঢাকার সিএমএম আদালত মামলার পুনর্তদন্তের জন্য র্যাবে পাঠান।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী।
পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। সালমান শাহের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি।
চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে ওই চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তাঁর বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন।
২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত। এরপর প্রায় ১২ বছরে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে ছিল। দীর্ঘদিন ধরে বাদীপক্ষ আদালতে সাক্ষী হাজির না করায় তদন্ত প্রতিবেদন দাখিল বিলম্বিত হয়। অবশেষে ২০১৪ সালের ৩ আগস্ট ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহার কাছে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করা হয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed