Main Menu

লাশ হয়ে দেশে ফিরলো বড়লেখার বদরুল

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদিআরবে ভবন থেকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার এক মাস পর মৌলভীবাজারের বড়লেখার সুরিকান্দি গ্রামের মোহাম্মদ বদরুল ইসলামের লাশ দেশে পৌঁছেছে। সোমবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
গত ২ মার্চ সৌদি আরবের রিয়াদে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় ভবনের উপর থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মার্চ তার মৃত্যু হয়।
সংশ্লিষ্টরা জানান, সোমবার রিয়াদ বিমানবন্দর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৪০ ফ্লাইটে করে বদরুলের লাশবাহী কফিন সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে বিমানবন্দর কাস্টমস প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাতটার দিকে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষে লাশ গ্রহণ করেন তার বাবা সিরাজ উদ্দিন। সৌদি প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম বুলবুল আহমদসহ পরিবারের অন্য সদস্যরা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্র আরো জানায়, বহুতল ভবনের উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলে বদরুলকে উদ্ধার করে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি ২১ দিন চিকিৎসাধীন ছিলেন। গত ২৩ মার্চ তার মৃত্যু হলে পরিবারের পক্ষ তার মরদেহ দেশে আনতে সৌদিআরবস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চাওয়া হয়। পরে দূতাবাসের সার্বিক সহযোগিতায় সোমবার তার মরদেহ দেশে আনা হয়েছে। আজ মঙ্গলবার বাদ জোহর সুরিকান্দি জামে মসজিদে নামাজের জানাযা শেষে স্থানীয় করবস্থানে তার দাফন সম্পন্ন হবে বলেও পরিবার সূত্র জানিয়েছে।
একটি সূত্র জানায়, লাশবাহী কফিন দেশে এলেও নিহতের পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। অবশ্য, কফিনের সাথে পাসপোর্টের একটি ফটোকপি পাওয়া গেছে। পারিবারিক সূত্র জানায়, সৌদি আরব থেকে পাসপোর্ট নিহতের কফিনের সাথে দেয়া হয়েছিল বলে তাদেরকে নিশ্চিত করা হয়। এমনকি ঢাকা এয়ারপোর্ট পর্যন্তও কফিনের সাথে পাসপোর্ট ছিল। কিন্তু, সিলেট বিমানবন্দর থেকে নিহতের পাসপোর্ট মিলছে না বলে দাবি পরিবারের সদস্যদের। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

Share





Related News

Comments are Closed