Main Menu

বিকালে দেশব্যাপী ছাত্র বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশে আজ শুক্রবার (২০ এপ্রিল) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

ঢাবির সুফিয়া কামাল হলের প্রশাসন বৃহস্পতিবার গভীর রাতে তিন ছাত্রীকে বের করে দেয়ার প্রতিবাদে তাৎক্ষণিক এ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুরু।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সুফিয়া কামাল হলের সামনে উপস্থিত হয়ে এই কর্মসূচির ঘোষণা দেন। এ সময় তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নুরুল হক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো প্রকার তদন্ত ছাড়াই রাতের আঁধারে হল থেকে ছাত্রীদের বের করে দিয়েছে। আমরা বিশ্ববিদ্যলয় প্রশাসনের কাছে আন্দোলনকারীদের নিরাপত্তার দাবি জানিয়েছিলাম। কিন্তু প্রশাসন আশ্বাস ভঙ্গ করে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা হল প্রভোস্ট অধ্যাপক সাবিতা রেজওয়ানা রহমানের পদত্যাগের দাবি জানাচ্ছি।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় সাবিতা রেজওয়ানা রহমান ছাত্রীদের ডেকে নিয়ে ১০ এপ্রিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে হল শাখা ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশার ওপর হামলাকারীদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। এতে কয়েকজন ছাত্রী উত্তেজিত হয়ে হল থেকে বেরিয়ে আসতে চাইলে তিনি তাদের মোবাইল কেড়ে নেন ও মামলার ভয়ভীতি দেখান। এরপর রাত ১১ থেকে সাড়ে ১২টার মধ্যে অন্তি, রিমি ও শারমিন নামে তিন শিক্ষার্থীকে হল থেকে বের করে দেন প্রভোস্ট। পরে স্বজনরা হলের গেট থেকে তাদের নিয়ে যান।

Share





Related News

Comments are Closed