ঢাবিতে ছাত্রলীগের মারামারিতে আহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্রলীগের আসন্ন জাতীয় সম্মেলন নিয়ে আবারো সংঘর্ষে আহত হয়েছেন সংগঠনের ছয় নেতাকর্মী।
সোমবার (১৬ এপ্রিল) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে এই সংঘর্ষ হয় বলে জানা যায়।
সংঘর্ষে আহতরা হলেন- কেন্দ্রীয় সংসদের উপ নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ইমরুল হাসান নিশু, সহ-সম্পাদক ইমরান জোয়ার্দার, ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুব হোসেন খান, সূর্যসেন হল শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেশকাত হাসান, স্যার সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক কর্মী সাগর রহমান। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ মধুর ক্যান্টিন থেকে বের হওয়ার পর সহ সভাপতি আরেফিন সিদ্দিক সুজনের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী এগিয়ে এসে কোটা সংস্কার আন্দোলন, সম্মেলনের প্রস্তুতি কমিটির বিষয়ে জানতে চান।
কেন্দ্রীয় উপ নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ইমরুল হাসান নিশু বলেন, ছাত্রলীগের পদে থেকে যারা কোটা নিয়ে এখনও আন্দোলন করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার।
তখন সভাপতি সোহাগ ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা ক্ষিপ্ত হন। তার সঙ্গে থাকা সহ সভাপতি আরিফুর রহমান লিমন এসে মারার নির্দেশ দেন বলে সুজন জানান। তিনি বলেন, সভাপতি সোহাগের উপস্থিতিতে যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল হক, সাংগঠনিক সম্পাদক বি এম এহতেশামের নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী মারধরে অংশ নেয়।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাংবাদিকদের বলেন, “এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”
প্রসঙ্গত, আহতদের মধ্যে এস এম কামাল উদ্দিন, মেশকাত হোসেন ও সাগর রহমানকে এর আগেও ৯ মার্চ পিটিয়ে আহত করা হয়েছিল। ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করেই ওই হামলা হয়েছিল বলে তখন সাংবাদিকদের জানিয়েছিলেন স্যার সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন।
আগামী ১১ ও ১২ মে ছাত্রলীগের সম্মেলনের তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed