Main Menu

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলার ওপর দিয়ে শুক্রবার বিকেলে কালবৈশাখী ঝড় বয়ে যায়। প্রায় আধা ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়ে ছাতক, দিরাই, জগন্নাথপুর, মধ্যনগর, সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ উপজেলার বেশ কিছু কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

দিরাই উপজেলার রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান জানান, বাংলাবাজারের ১০-১২টি দোকান ঘরসহ কয়েকটি গ্রামে অন্তত অর্ধশত ঘরবাড়ি ক্ষতি হয়েছে। তাছাড়া ভাটিপাড়া ইউনিয়নের ৩০-৩৫ টি ঘর বাড়ি ক্ষতির কবলে পড়ে। কালবৈশাখী ঝড়ে বিভিন্ন উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে জগন্নাথপুরে উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে শতাধিক কাচাঘরবাড়ি বিধবস্ত ও শিলাবৃষ্টিতে আধাপাকা ধান ও ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়।

ধর্মপাশা উপজেলার মধ্যনগরে ঝড়ের তাণ্ডবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর, বংশীকুন্ডা দক্ষিণ, চামরদানী ও মধ্যনগরসহ চারটি ইউনিয়নের অনেক গ্রামের মানুষের ঘররবাড়ি ভেঙ গেছে। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আদর্শ গ্রামে ১০-১৫টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, ঝড়ে তাদের গ্রামে ১০-১৫টি পরিবার গৃহহীন। ঝড়ের কারণে জেলা সদরসহ বেশ কয়েকটি উপজেলায় বিকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাছুম বিল্লাহ বলেন, ‘কালবৈশাখী ঝড় বয়ে গেলেও এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাইনি।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন ইকবাল বলেন, ‘সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য বলা হয়েছে। তালিকার পর তাদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

ছাতকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দু’ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে পড়েছে। শুক্রবার (৩০মার্চ) বিকাল সাড়ে চারটায় শিলাবৃষ্টিসহ ঝড়ের তান্ডবে উপজেলার সবকটি গ্রামে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন স্থানে কাচা ও আধাপাকা ঘরের চাল উড়ে গেছে, আবার কোথাও ভেঙে পড়েছে পুরো ঘর।

এছাড়া ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পুরো উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

জানা যায়, উপজেলার কালারুকা, ছাতক সদর, নোয়ারাই, ইসলামপুর, চরমহল্লা, ভাতগাও, খুরমা উত্তর, খুরমা দক্ষিণ, জাউয়া বাজার, সিংচাপইড়, গোবিন্দগঞ্জ সৈদেরগাও, ছৈলা আফজালাবাদ, দোলারবাজার ইউনিয়ন সহ প্রায় সবকটি গ্রামে ঝড়-তুফানে প্রায় দু’ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে।

এব্যাপারে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড়ের তান্ডবে বেশ কয়েক স্থানে তারের উপর গাছের ডালপালা পড়েছে। শীঘ্রই এগুলো সরিয়ে বিদুৎ সংযোগ স্বাভাবিক করা হবে।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার নাছির উল্লাহ খান জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

Share





Related News

Comments are Closed