Main Menu

মামলায় প্রকাশ করা যাবে না অপ্রাপ্তবয়স্কদের ছবি

বৈশাখী নিউজ ডেস্ক: শিশু আইনের ৯৭ ধারা অনুসারে কোনো মামলায় বা অপরাধসংক্রান্ত ঘটনায় বিচারের আগে ও পরে ১৮ বছরের কম বয়সী শিশুদের ছবি (আসামি কিংবা ভুক্তভোগী) প্রকাশ করা যাবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ সংক্রান্ত আইনের অস্পষ্টতা দূর করার বিষয়ে গেজেট জারির নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেন।

সোমবার (১৯ মার্চ) দুপুরে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, তথ্যসচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

পরে ব্যারিস্টার হাসান এম এস আজিম জানান, সম্পতি পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে শিশুদের ছবি প্রকাশিত হয়। এতে ওই সব শিশু-কিশোররা সামাজিকভাবে হেয় ও ক্ষতিগ্রস্ত হয়েছে। যা শিশুর স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে অন্তরায়। ভবিষ্যতে যেন অপরাধসংক্রান্ত কোনো ঘটনায় কোনো অবস্থাতেই শিশুর ছবি ছাপা বা প্রকাশ করা না হয়, এ কারণেই রিটটি দায়ের করা হয়।

Share





Related News

Comments are Closed