Main Menu

ডিভিশন পেয়েছেন খালেদা জিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: আদালতের নির্দেশ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ডিভিশন দেওয়া হয়েছে। ডিভিশন দেওয়ার নির্দেশের কপি পাওয়ার পর এ ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এ কথা জানিয়েছেন।

সৈয়দ ইফতেখার উদ্দীন জানান, খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেয়ার জন্য কোর্টের আদেশের কপি তাদের কাছে পৌঁছেছে। সেই আদেশের পরিপ্রেক্ষিতে এখন থেকে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে খালেদা জিয়াকে।

এর আগে রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান জেলকোড অনুযায়ী খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দিতে জেল কোডের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দেন। রোববার সন্ধ্যায় খালেদার আইনজীবী সানাউল্লাহ কারা কর্তৃপক্ষর কাছে আদালতের এই আদেশ পৌঁছে দেন। এ সময় সানাউল্লার সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, জিয়া উদ্দিন জিয়া ও এম হেলাল উদ্দিন হেলাল।

দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদন্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এই মামলায় খালেদার বড় ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামীকে ১০ বছর করে কারাদন্ডাদেশ দেওয়া হয়।

রায়ের পর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় খালেদা জিয়াকে। দন্ডবিধির ১০৯ ও ৪০৯ ধারায় খালেদা জিয়াসহ বাকিদের সাজা দেয়া হয়। কারাদন্ডের পাশাপাশি সব আসামিকে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা অর্থদন্ডও প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed