Main Menu

জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে নাসির মিয়া (১৯) নামে এক যুকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের মৃত আছকির মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলে নাসিরকে তার শয়ন কক্ষের তীরের সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন।

যুবকের বোন রাহিমা বেগম জানান, সকালে আমি ভাইকে বাড়িতে রেখে পাশের গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়ি এসে দেখি ভাইয়ের শয়নকক্ষের সামনের দরজা বন্ধ। পেছনের দরজা খোলা রয়েছে এবং ভাইয়ের লাশ ঝুলছে। তিনি জানান, চার বোন দুই ভাইয়ের সংসারে তাদের বাবা-মা মারা গেছেন এক বছর আগে। বড় ভাই প্রবাসে থাকেন। আর তিন বোনের বিয়ে হয়ে গেছে। ছোট দুই ভাই বোন হিসেবে তারা ওই বাড়িতে আছেন। তিনিও পড়ালেখার জন্য প্রায়ই সুনামগঞ্জ জেলা শহরে থাকেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসির মিয়ার চাচা আবু শহীদ বলেন, এটি একটি রহস্যজনক আত্মহত্যা। কারণ আমার ভাতিজা নাসির মিয়ার হাত ও পা বাধা অবস্থায় তাঁর লাশ দেখতে পান এলাকাবাসী।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন রশিদ চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। শনিবার ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।

Share





Related News

Comments are Closed