Main Menu

দায়িত্ব বুঝে পেল ‘জাবিসাস’র নতুন কমিটি

আসিফ,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শুক্রবার ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠানে ২০১৭ সালের কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির শামিমের কাছ থেকে ২০১৮ সালের কমিটির সভাপতি নুর আলম হিমেল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিলয় দায়িত্ব বুঝে নেন।

পরে জাবিসাসের সভাপতি নুর আলম হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিলয়ের সঞ্চলনায় অনুষ্ঠান থেকে জাবিতে কর্মরত ৪১তম ব্যাচের সাংবাদিকদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদায় সংবর্ধনা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বিশেষ অতিথি দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শেখ মঞ্জুরুল হক।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। এ সংগঠন সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে সাংবাদিকদের অবদান অনেক। তাই তিনি সাংবাদিকদেরকে যথাযথভবে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে আরো বেশি কাজ করার জন্য আহ্বান জানান।’

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার মাধ্যমে মানবজাতির অনেক কল্যাণ করা সম্ভব। তাই আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের কল্যাণে অতিতে যেভাবে কাজ করে গেছে সামনেও তার ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখবে।’

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, শিক্ষক সমিতির সভাপতি ও জাবিসাস উপদেষ্টা অধ্যাপক ফরিদ আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, অধ্যাপক মো. কামরুল আহসান, অধ্যাপক কবিরুল বাশার, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী, জাবিসাসের সাবেক সভাপতি জনি আলম, শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল, জাবি ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুক হেলাল অনিক, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহ-সভাপতি অলিউর রহমান সান প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে গত ১১ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (জাবিসাস) কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সভাপতি নুর আলম হিমেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিলয়, সহ-সভাপতি প্লাবন তারিক, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ তৌকির রহমান, দপ্তর ও প্রকাশনা সম্পাদক এস এম আলমগীর মিজান নির্বাচিত হয়েছেনন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সুমি আক্তার, রাহুল এম ইউসুফ ও শরিফুল ইসলাম সীমান্ত নির্বাচিত হয়েছেন।

Share





Related News

Comments are Closed