Main Menu

ঢাবি অধিভুক্ত শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

বৈশাখী নিউজ ডেস্ক: মেধা তালিকায় থেকেও বিষয় মনোনয়ন না পেয়ে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটায় নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অবরোধকালে নীলক্ষেত মোড় দিয়ে চতুর্মুখী যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আজিমপুর, নিউমার্কেট, পলাশী বাজারের দিকে যান চলাচল বন্ধ হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনের কারণ হিসেবে শিক্ষার্থীরা বলেন, আমাদের যারা বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদ থেকে কলা অনুষদে পরীক্ষা দিয়েছে তাদের আসন খালি থাকা সত্ত্বেও বিভাগ দেয়া হচ্ছে না। বরং যারা বিজ্ঞান বিভাগ থেকে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দেননি তাদের আসন দেয়া হচ্ছে। যার ফলে পরীক্ষা দেয়া সত্ত্বেও বিজ্ঞান ও বাণিজ্য ইউনিট থেকে কলা অনুষদে পরীক্ষা দেয়া শিক্ষার্থীরা কোনো বিষয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না।

পরে দুপুরে শিক্ষার্থীদের ৫জন প্রতিনিধি মিলে সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় তিনি আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সকলকে বিভাগ ও কলেজ মনোয়ন দেয়ার আশ্বাস প্রদান করলে বিকেল ৩টায় বিক্ষোভ শেষ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিক্ষোভকারী বায়েজিদ হোসেন বলেন, আমরা সমন্বয়কের কাছে গেলে তিনি আমাদের সাবজেক্ট পাওয়ার আশ্বাস দেন। পরে আমরা অবরোধ তুলে নেই। বায়েজিদ বলেন, যদি আমাদের দাবি মানা না হয় তবে আমরা আবারো তীব্র আদোলন গড়ে তুলবো।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগ (ইউনিট) পরিবর্তনের পরীক্ষা দেয়া শিক্ষার্থীদের অনেকেই মেধা তালিকায় এগিয়ে থেকেও বিষয় পাচ্ছেন না। সর্বশেষ সাত কলেজের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও এ শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়নি।

এর আগে গত শনিবার দুপুরে একই দাবিতে এখানে নীলক্ষেত মোড় অবরোধ করে তারা। সেদিন ঢাবির সহকারী প্রক্টর ড. মুহাম্মদ মাঈনুল করিম শিক্ষার্থীদের ৫জন প্রতিনিধির নাম ও লিখিত বক্তব্য প্রক্টরের কাছে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা তাদের দাবি লিখিত আকারে জমা দেন।

Share





Related News

Comments are Closed