Main Menu

গোলাপগঞ্জে দিপু হত্যার ঘটনায় চাচা ও চাচাতো ভাই আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সৌদি প্রবাসীর ছেলে হত্যার ঘটনায় নিহতের চাচা ও চাচাতো ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।
গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আখলাক আহমদ ও চাচাতো ভাই অনিককে আটক করা হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার সকালে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় গ্রামে নিজ বাড়ির পুকুর পাড় থেকে সৌদি প্রবাসী ওবুদ মিয়ার ছেলে তোফায়েল আহমদ দিপুর (১৮) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। রোববার দিবাগত রাতের কোন এক সময়ে তাকে হত্যার পর লাশ পুকুর পাড়ে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে গভীর রাত হওয়ার পরও দিপু বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে পুকুর পাড়ে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল শিবলী জানান, নিহত দিপুর মাথায় রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তার লাশের পাশ থেকে একটি রক্তাক্ত রড উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা ও চাচাতো ভাইকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed