Main Menu

বিশ্বনাথে শ্বশুরবাড়ির পুকুরে ডুবে বরের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিয়ের ২০ দিনের মাথায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের আতাপুর গ্রামে সোমবার শ্বশুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নতুন বরের মৃত্যু হয়েছে। ওই বরের নাম দেলওয়ার হোসেন (২৫)। তার বাড়ি সিলেট মহানগরীর জালালাবাদ থানার নোয়াগাঁও দক্ষিণপাড় গ্রামে। তার পিতার নাম রইছ আলী।
পারিবারিক সূত্র জানায়, গত ২৯ নভেম্বর বিশ্বনাথ উপজেলার আতাপুর গ্রামের শফিক উদ্দিনের মেয়ে ছাবিনা বেগম (২২) এর সাথে বিয়ে হয় দেলওয়ার হোসেনের। গত শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান দেলওয়ার হোসেন। সোমবার শ্বশুরবাড়ির লোকজনের সাথে আনন্দময় মুহূর্ত কাটানোর পর বেলা আড়াইটার দিকে স্ত্রীর বাড়ির পুকরে গোসল করতে নামেন দেলওয়ার। দীর্ঘক্ষণ পর গোসল সেরে না উঠায় পুকুর পাড়ে থাকা ছোট্ট শিশুরা চিৎকার করতে থাকে। আর্ত চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে বিবস্ত্র অবস্থায় দেলওয়ার হোসেনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed