Main Menu

জগন্নাথপুর-শিবগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ

আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে: জগন্নাথপুর-শিবগঞ্জ-পাইলগাঁও-বেগমপুর সড়কের নলজুর নদীর উপর নির্মিত ঘোষগাঁও সেতুর এ্যাপ্রোচ বিধ্বস্ত হওয়ায় গত এক সপ্তাহ ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যার ফলে জগন্নাথপুর উপজেলার দক্ষিনাঞ্চলের রানীগঞ্জ, পাইলগাঁও ও আশারকান্দি ইউনিয়নের জনসাধারন চরম দূর্ভোগে রয়েছে। তবে এ্যাপ্রোচ বিধ্বস্তের ঘটনায় স্থানীয় জনসাধারন এলজিইডি কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তাদের গাফলতির কারনেই বার বার এ্যাপ্রোচ বিধ্বস্তের ঘটনা ঘটছে। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিধ্বস্ত এ্যাপ্রোচ সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি।
রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আলী আহমদ এ প্রতিনিধিকে জানান, দীর্ঘ এক সপ্তাহ ধরে জগন্নাথপুর-শিবগঞ্জ সড়কের ঘোষগাঁও সেতুর এ্যাপ্রোচ ধ্বসে যাওয়ার ফলে ঐ এলাকার সাথে উপজেলা সদরের সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় এলজিইডি অফিসের উদাসিনতার ফলে এ্যাপ্রোচ সংস্কারে কোন উদ্যোগ না নেয়ায় আমরা চরম ভোগান্তিতে রয়েছি। জরুরী ভিত্তিতে বিধ্বস্ত এ্যাপ্রোচ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।
গত ৬ ডিসেম্বর বুধবার এ্যাপ্রোচের প্রায় ৫০ ফুট এলাকা ধ্বসে যাওয়া অংশের এক পাশে প্রায় ২/৩ ফুট পরিমান স্থান দিয়ে লোকজন বিপদজ্জনক অবস্থায় পায়ে হেঁটে সেতু পাড় হচ্ছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) কর্তৃক প্রাথমিক ভাবে এ্যাপ্রোচ সংস্কার করা হলে হালকা যানবাহন চলাচল শুরু হয়। এক বছরে ৪র্থ বার অর্থাৎ গত ৬ ডিসেম্বর আবারো এ্যাপ্রোচ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঐ দিন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ দ্রত সেতুটির ধ্বসে যাওয়া এ্যাপ্রোচ স্থানটি পরিদর্শন করেন এবং লোকজনদের সতর্ক অবস্থায় যাতায়াতের পরামর্শ দেন। বুধবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির ঢাকা অফিসের ২ সদস্যের একটি প্রতিনিধিদল উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ারকে সাথে নিয়ে এ্যাপ্রোচ বিধ্বস্ত ঘোষগাঁও সেতু এলাকা পরিদর্শন করেছেন।
এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, ঢাকা থেকে একটি প্রতিনিধিদল এসে সেতুটির ধ্বসে যাওয়া এ্যাপ্রোচ পরিদর্শন করেছেন। তাদের মতামতের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed