Main Menu

জৈন্তাপুরে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে শ্রীপুর পাথর কোয়ারির দখল নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনার তিন দিন পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৭৭ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করা হয়েছে।
নিহতের ভাই আমিন উদ্দিন বাদি হয়ে বুধবার সকালে জৈন্তাপুর মডেল থানা মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।
তিনি জানান,‘সংঘর্ষে হোসেন আহমদ নিহতের ঘটনায় তার ভাই মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ায় ঘটনার দিন আটক ৮জনকে গ্রেফতার দেখানো হয়েছে; যারা কারান্তরিণ রয়েছেন। বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শ্রীপুর পাথর কোয়ারীর আসামপাড়া ও শ্রীপুর মৌজাসহ কোয়ারীর অভ্যন্তরে মালিকানাধীন কিছু জায়গার দখল নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমদের অনুসারিদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষকে নিয়ে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনও বিষয়টি সুষ্ঠু সমাধান করার জন্য কয়েক দফা চেষ্টা করে। একই সাথে বিরোধপূর্ণ ১৪৫ বিঘা জমির উপর আদালত নিষেধাজ্ঞা জারী করে। আইন-শৃংখলা পরিস্থিতি অবনতির আংশকায় উপজেলা প্রশাসন আদালতের নিষেধাজ্ঞাকৃত এলাকায় ১৪৪ ধারা জারী করেন।
গত রোববার (৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর পাথর কোয়ারির বিরোধপূর্ণ জায়গার গর্ত দখল করার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহত উপজেলার মহাইল গ্রামের মর্তুজ আলীর পুত্র হোসেন আহমদ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে মারা যায়।

Share





Related News

Comments are Closed