Main Menu

ইবির সি ইউনিটের ২য় শিফটের পরীক্ষা বাতিল, ৩য় শিফট স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এদিকে দুপুর দেড়টা থেকে আড়াইটার একই ইউনিটের ৩য় শিফটের পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত করা হয়েছে।
বাতিলকৃত ও স্থগিত হওয়া সি ইউনিটের ২য় ও ৩য় শিফটের পুন:পরীক্ষা ৮ ডিসেম্বর শুক্রবার যথাক্রমে ৯টা থেকে ১০টা এবং ১১টা থেকে ১২টায় অনুষ্ঠিত হবে। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, সি ইউনিটের ২য় শিফটের ৬,৫২১ থেকে ১৩,০৪০ রোলধারীদের পরীক্ষা আগামী শুক্রবার সকাল ৯টা থেকে ১০টায় অনুষ্ঠিত হবে এবং ৩য় শিফটের ১৩,০৪১ থেকে ১৭,৪৭২ রোলধারীদের পরীক্ষা শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে।
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী বলেন, আমরা কোন ক্রুটিপূর্ণ পরীক্ষা গ্রহণ করবো না। সি ইউনিটের ২য় শিফটের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের সেট কোডের অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় পরীক্ষাটি বাতিল করা হয়েছে। এছাড়া, একই কারণে ৩য় শিফটের অনুষ্ঠিতব্য পরীক্ষাটিও স্থগিত করা হয়েছে।

Share





Related News

Comments are Closed