Main Menu

দক্ষিণ সুরমায় স্বামীর বাড়ি থেকে গৃহবধূ নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারে স্বামীর বাড়ি থেকে ৫ মাসের অন্তঃসত্বা এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। ওই গৃহবধূর নাম মোনতাহিনা বেগম (২১)। তিনি দক্ষিণ সুরমার লালাবাজারের খাজাকালু গ্রামের মো. মনসুর আহমদের মেয়ে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১১১৩) দায়ের করেছেন তার বাবা। দক্ষিণ সুরমা পুলিশ গৃহবধূর স্বামীর পরিবারের সদস্যদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ভিকটিম উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।
জিডি সূত্রে জানা গেছে, গত দুবছর পূর্বে কামালবাজারের পুরানগাঁওয়ের সোনাফর আলীর ওমান প্রবাসী ছেলে মো. সালাউদ্দিনের সঙ্গে বিয়ে হয় মোনতাহিনা বেগমের। বর্তমানে স্বামী ওমানে আছেন। ওই গৃহবধূ ৫ মাসের অন্তঃসত্ত্বা। গত ২১ নভেম্বর রাতের খাবার খেয়ে গৃহবধূসহ সবাই ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে তার স্বামীর বড় ভাই ফোন করে মেয়ের বাবাকে জানান মোনতাহিনা বেগমকে পাওয়া যাচ্ছে না। মেয়ের পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে স্বামীর বাড়ির লোকজন জানান কাউকে কিছু না জানিয়ে ভোরে সে কোথায় চলে গেছে। পরে মেয়ের বাবা থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, এ ঘটনায় পুলিশ মেয়ের স্বামীর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদে তথ্য নিচ্ছে। ভিকটিমকে উদ্ধারে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

Share





Related News

Comments are Closed