কুবির ভর্তি পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনিবার্য কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। এ বছর কুবিতে ভর্তি পরীক্ষা দিতে ৫৪ হাজার ৮০৯ জন শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে তার বাংলোতে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি পরীক্ষা কমিটির বিভিন্ন ইউনিটের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপস্থিত ছিলেন। ওই বৈঠকে ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে শিক্ষক সমিতির সঙ্গে কথা বলার জন্য বলা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আরেকটি বৈঠক হয়। এতে শিক্ষক সমিতির নেতারা জানান, ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য তারা প্রস্তুত আছেন। কিন্তু উপাচার্যকে তার বাংলোতে বসেই ভর্তি পরীক্ষার কাজ করতে হবে। শিক্ষক সমিতির ওই বার্তা নিয়ে উপাচার্যের বাংলোতে যান রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার ও বিজ্ঞান অনুষদের ডিন মো. আবু তাহের। সেখানে শিক্ষক সমিতির সিদ্ধান্তের বিষয়টি উপাচার্যকে জানানো হয়। এরপর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি ১৭ ও ১৮ নভেম্বরের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘আমরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তবে উপাচার্যকে ভর্তি পরীক্ষার কার্যক্রম তার বাংলোতে বসে করতে হবে।’
উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ বলেন, ‘শিক্ষক সমিতি আমাকে বাংলোতে বসে ভর্তি পরীক্ষার কার্যক্রম চালানোর জন্য দাবি জানায়। কিন্তু ভর্তি পরীক্ষা চালাতে হলে সমন্বয় সভা করতে হয়। সেগুলো বাংলোতে বসে করা যায় না। তাই ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
উপাচার্যের পদত্যাগসহ ১৪ দফা দাবিতে গত ১৫ অক্টোবর থেকে আন্দোলনে রয়েছে শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির আন্দোলনের কারণে গত ১৬ অক্টোবর থেকে উপাচার্য তার দফতরে যেতে পারছেন না। তখন থেকেই শিক্ষক সমিতি তার দফতরে তালা দিয়ে রেখেছে।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed