Main Menu

বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি অস্ট্রেলিয়ার

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে সন্ত্রাসী হামলার বড় ধরনের ঝুঁকি আছে- এমন বার্তা দিয়ে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করেছে।

আজ শুক্রবার অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের ওয়েবসাইটে এই সতর্কবার্তা তুলে ধরা হয়।

যে অস্ট্রেলীয় নাগরিকরা এখন বাংলাদেশে আছেন, তাদের সতর্ক থাকতে হবে এবং চারপাশের পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে নিতে হবে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা।

আর যারা বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের বিষয়টি পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে ওই অ্যাডভাইজরিতে।

সেখানে অারো বলা হয়েছে, বাংলাদেশে সম্ভাব্য ওই সন্ত্রাসী হামলার লক্ষ্য হতে পারে পশ্চিমা দেশগুলোর নাগরিকেরা।
সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু হতে পারে—এমন স্থানগুলো ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে।

অবশ্য ঠিক কী ধরনের তথ্যের ভিত্তিতে অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের এই সতর্কবার্তা দিয়েছে, তা স্পষ্ট করেনি ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড।

বলা হয়, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থান, আদালত, বিদেশি সরকারের স্থাপনা, নিরাপত্তা বাহিনী ও পুলিশের স্থাপনা, দূতাবাস, হোটেল, ক্লাব, রেস্তোরাঁ, বার, স্কুল, বিপণিবিতান, ব্যাংক, প্রেক্ষাগৃহ, গণপরিবহন, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, পর্যটন ও ঐতিহাসিক স্থান সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

সতর্কবার্তায় গত ২৪ মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি তল্লাশিচৌকিতে আত্মঘাতী বোমা হামলা, গত বছরের ১ জুলাই হলি আর্টিজান হামলাসহ ২০১৫ সালের বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করা হয়।

 

Share





Related News

Comments are Closed