Main Menu

চাঁদপুরে ৭ মহিলাসহ জামায়াতের ১১ নেতা আটক

বৈশাখী নিউজ ডেস্ক : চাঁদপুর শহরের প্রতাপ সাহা রোডের একটি ভবনে গোপন বৈঠক থেকে ৭ মহিলাসহ ১১ জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে প্রতাপ সাহা রোডের ৪১৫ নং হোল্ডিং-এর ভবনের দ্বিতীয় তলায় নারী ও পুরুষ জামায়াত নেতা-কর্মীরা বৈঠকে বসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, নতুন আলিমপাড়া ওই ভবনের মালিক মোহাম্মদ হোসাইন। তিনিও জামায়াত নেতা এবং শহরের আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষক।
আটককৃতরা হচ্ছেন- কুমিল্লা রেসকোর্স এলাকার হীজার আলীর পুত্র কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ (৫০), চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামের মৃত শরাফত আলীর পুত্র মাসুদুল ইসলাম (৩৬), বাড়ির মালিক মোহাম্মদ হোসাইন (২৭), চাঁদপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী (৫৫)।
মহিলা জামায়াতের কর্মীরা হচ্ছেন- ফেরদৌসী সুলতানা (৪৬), কুলসুমা আক্তার (৪২), ফারহানা আক্তার (৩৬), তাছলিমা বেগম (৩৭), শাহীনা আক্তার (৪৮), মনোয়ারা বেগম (৫৫) ও তাহমিনা খাতুন (৩২)। এদের সকলেই চাঁদপুর শহরের বাসিন্দা বলে জানায় পুলিশ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিউল্যাহ ওলি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বৈঠক থেকে আটক করা হয়। ওই বৈঠক থেকে জামায়াতের সাংগঠনিক কিছু বই উদ্ধার করা হয়েছে। তাদের সম্পর্কে যাচাই-বাচাই শেষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed