পেপ্যালের ‘জুম সেবা’ উদ্বোধন করলেন জয়
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অনলাইনে অর্থ স্থানান্তরের সেবাদানকারী যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান পেপ্যালের ‘জুম সার্ভিস’। পেপ্যাল-জুম সার্ভিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই সেবার উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, পেপ্যাল চালুর মধ্যদিয়ে দেশের তরুণদের মেধা, নতুন নতুন চিন্তাধারা ও সৃজনশীল মনোভাব দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে। এসময় তিনি মহৎ এই উদ্যোগের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
জয় আরও বলেন, পেপ্যালের ‘জুম সার্ভিস’ এর মাধ্যমে দেশের বাইরের পেপ্যাল অ্যাকাউন্টধারীরা সহজেই তার অ্যাকাউন্ট থেকে সরাসরি বাংলাদেশী জুম গ্রাহকের একাউন্টে অর্থ পাঠাতে পারবেন (ইনবাউন্ড)। এই টাকা সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে বাংলাদেশের ব্যাংকে চলে আসবে। ১০০০ ডলারের নিচে আসলে ৫ ডলার এবং এর বেশি আনলে কোন চার্জ দিতে হবে না।
তিনি আরও বলেন, তথ্য-প্রযুক্তির উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ আওয়ামী লীগ সরকার ইন্টারনেট ডাটার মূল্য ৯৯ শতাংশ কমিয়েছে। এই ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যতে ইন্টারনেট ডাটার মূল্য আরও সুলভ করা হবে।
সজীব ওয়াজেদ এসময় দ্রুতই ইউনিয়ন পর্যায়েও ব্রডব্যান্ড সংযোগ নিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ নিয়ে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলেও জানান তিনি।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শ্যাম সুন্দর সিকদারসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফ্রিল্যান্সাররা।
সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, পুবালী ব্যাংকে প্রাথমিকভাবে এ সেবা চালু হলেও অচিরেই তা অন্যান্য ব্যাংকগুলোতে সম্প্রসারিত হবে।
উল্লেখ্য, ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭’ এর দ্বিতীয় দিনে এই অনুষ্ঠানের আয়োজন করে তথ্যপ্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প। বর্তমানে বিশ্বের ২০৩টি দেশে পেপ্যাল সেবা চালু আছে। এর মধ্যে মাত্র ২৯টি দেশে পেপ্যালের পূর্ণাঙ্গ সেবা চালু আছে এবং ১০৩টি দেশে শুধু ইনবাউন্ড সেবা চালু রয়েছে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed