Main Menu

রাজধানীতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ওয়ারী থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু তালহা (২২) নামক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া শাখার কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আজ রোববার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আবু তালহার বাবার নাম নুরুদ্দীন খন্দকার। তার বাসা টিকাটুলির কে এম দাস লেনে।

পুলিশ জানায়, তালহা সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে রিকশায় উঠেন। বাসা থেকে অল্প কিছু দূরে যাওয়ার পর পরই কয়েকজন ছিনতাইকারী তার পথ অবরোধ করে। তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়। তালহার চিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন ছুটে আসেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া আটটার দিকে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed