Main Menu

নবীগঞ্জে বাস চাপায় পথচারী নিহত

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সাগরিকা পরিবহণের বাস চাপায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বানুদেব এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন মহাসড়ক নিকটবর্তী বানুদেব গ্রামের মটাই মিয়া (৫৫)। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহণের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আউশকান্দি অরবিট হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে মটাই মিয়ার মৃত্যুর খবর তার নিজ এলাকায় পৌঁছলে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রাখে । এসময় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় । পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে এবং প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় ।
এব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি এবং যান চলাচল স্বাভাবিক করি। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। মটাই মিয়ার মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম ।

 

Share





Related News

Comments are Closed