Main Menu

বগুড়া ও মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আহত হয়েছেন অন্তত নয়জন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধনকুন্ঠি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বুলবুল আহম্মেদ জানান, নিহতদের মধ্যে আব্দুল জলিল (৬৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে যে সাতজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- বগুড়ার চান্দাইকোনার তানিয়া (২৬), জয়পুরহাটের শহীদুল (৪৭), বগুড়ার নন্দীগ্রামের মর্জিনা (৫৯), বগুড়া শহরের সাইফুল ইসলাম (৪৫), গাইবান্ধার খলিলুর রহমান (৬০), মানিকগঞ্জের আব্দুল খালেক (৪০) ও আনোয়ার হোসেন ( ৪৫)।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরেফিন ইফতেখার আহম্মেদ জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রয়েছে।

এদিকে মানিকগঞ্জের শিবালয়ে একটি বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌণে ৭টার দিকে ঢাকা-পাটুরিয়া সংযোগ সড়কের আড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মাইক্রোবাসের আরও ছয় যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বরংগাইল হাইওয়ে থানার এসআই ইয়ামিন উদ দৌলা জানান, আজ সকালে ঢাকামুখী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে পাটুরিয়াগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

 

Share





Related News

Comments are Closed