Main Menu

রাগীব আলীর জামিন আবেদনের আদেশ বৃহস্পতিবার

বৈশাখী নিউজ ডেস্ক: শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে জামিন দেয়া হবে কি না সে বিষয়ে আদেশের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য্য করেছেন আদালত।
বুধবার জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। রাগীব আলী ও তার ছেলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক।
তবে দুপুরে বশির উল্লাহ সংবাদমাধ্যমকে বলেছিলেন, আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। পরে বিকেলে বলেন, বিষয়টি পুনর্বিবেচনা করে জামিন বাতিলের আবেদন জানাই। তখন আদালত বৃহস্পতিবার আদেশ দেবেন বলে জানান।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি সিলেটের তারাপুর চা-বাগান লিজের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির বিষয়ে দায়ের করা মামলায় ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।
ওই রায়ের বিরুদ্ধে ১৬ ফেব্রুয়ারি দণ্ডপ্রাপ্তরা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। আপিলে তারা জামিন চাইলে ২৪ মে সিলেটের বিশেষ দায়রা জজ আদালত তা নামঞ্জুর করে দেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে তারা আবেদন করেন।

Share





Related News

Comments are Closed