Main Menu

জামিন পেলেন সিটিসেল সিইও মেহবুব চৌধুরী

বৈশাখী নিউজ ডেস্ক: অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরীকে জামিন দিয়েছে আদালত।

রবিবার দুপুরে তার জামিন আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম লস্কর সোহেল রানা মেহবুব চৌধুরীর জামিন মঞ্জুর করেন। দুদকের প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার এ তথ্য জানান।

আদালতে আসামীর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী আরশাদুর রউফ, কামরুল ইসলাম শিকদার ও মনিরুল ইসলাম ‍দুলাল।

দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করেন আইনজীবী রেজাউল করিম রেজা ও মোহাম্মদ রফিকুল ইসলাম জুয়েল।

এর আগে ১ জুলাই শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেহবুব চৌধুরীকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক শেখ আবদুস ছালাম। গ্রেপ্তারের পর তাকে বনানী থানায় রাখা হয়।

সিটিসেলের নামে এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে গত বুধবার মামলা করে ‍দুদক। মামলায় বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান এম মোরশেদ খান ও প্রতিষ্ঠানটির সিইও মেহবুব চৌধুরী ও এবি ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। দুদকের উপপরিচালক শেখ আবদুস ছালাম রাজধানীর বনানী মডেল থানায় এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেডের (পিবিটিএল) ব্যাংক গ্যারান্টির আবেদন যাচাই-বাছাই না করেই এবি ব্যাংকের মহাখালী শাখার দেওয়া প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠান। পরে তিনজন ব্যবস্থাপনা পরিচালকের সহায়তায় চারটি বোর্ড সভার মাধ্যমে ৩৪৮ কোটি ৫০ লাখ টাকার অপরিবর্তনীয় শর্তবিহীন ব্যাংক গ্যারান্টি অনুমোদন করা হয়।

Share





Related News

Comments are Closed