Main Menu

জলবায়ুর প্রভাবে হাওরে পানির ওভার ফ্লো : পানিমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক : পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জলবায়ুর প্রভাবে বাংলাদেশের হাওর অঞ্চলে এবছর পানির ওভার ফ্লো হয়েছে। এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের কিছুই করার ছিল না।

রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এ বছর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দেড় ফুট উঁচু দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বর্তমানে বাঁধের উচ্চতা ৫/৬ ফুট। গত বছর বাঁধ নির্মাণে কিছু অনিয়ম হয়েছে। সেক্ষেত্রে আমরা ৫০ শতাংশ পেমেন্ট আটকে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এবছরও কোনও অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রমানের নেতৃত্বে একটি এবং পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মমতাজ উদ্দিনের নেতৃত্বে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দুটি কাজ করছে।’

হাওরে তলিয়ে গেছে হেক্টরের পর হেক্টর জমির ধান। পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, ‘এ বছর নতুন বাঁধ নির্মাণ ও পুরাতন বাঁধ মেরামতের জন্য ৬০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২০ কোটি টাকা ছাড় করা হয়েছে। আর এ ২০ কোটি টাকার মধ্যে ৯ কোটি টাকা কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায়। এ ক্ষেত্রে কোনও অনিয়ম হয়েছে কিনা সেটি আমরা খতিয়ে দেখবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি সংবাদপত্রে দেখেছি মেঘালয় থেকে আসা পানিতে ইউরেনিয়াম আছে। সেই পানি হাওরের পানিতে মিশে গেছে। তবে এটি সঠিক কিনা তা পারমাণু শক্তি কমিশন পরীক্ষা-নিরীক্ষা করছে। কমিশনের প্রতিবেদনের ওপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

Share





Related News

Comments are Closed