Main Menu

ময়মনসিংহ ও গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৮

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ ও গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। এর মধ্যে ময়মনসিংহের ফুলপুর ও ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন এবং গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাত ও শনিবার সকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ জানান, ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার ভাইটকান্দি এলাকার সকোল্লা মোড়লবাড়ির মোড়ে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকাগামী একটি মুরগিবোঝাই পিকআপভ্যানের সঙ্গে শেরপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ময়মনসিংহ শহরতলীর দিঘারকান্দা এলাকার শহীদ (৪০) ও হৃদয় (২০) নিহত হন। গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৩টার দিকে কেওয়াটখালী এলাকার ইদ্রিস আলী (৪২) মারা যান।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কাঠালী নায়েবের বাজারে ক্রাউন অ্যাপারেল লিমিটেডের একটি শ্রমিকবাহী বাস উল্টে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পর আরো এক শ্রমিক নিহত হয়। এ ছাড়া কমপক্ষে ১২ শ্রমিক আহত হন।

ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, জামিরদিয়া ক্রাউন অ্যাপারেল লিমিটেডের ভাড়া করা একটি বাসে ভালুকা থেকে শ্রমিকরা মিলে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলেই মিল শ্রমিক রিপন ও হাসপাতালে নেওয়ার পর কামরুল ইসলাম নিহত হন। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলায় গঙ্গারামপুরের স্লুইস গেট এলাকায় শুক্রবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলা জেলার কন্দপপুর গ্রামের মোফাজ্জল বেপারির ছেলে দুলাল বেপারি (৫০), একই গ্রামের রউফের ছেলে গিয়াস উদ্দিন (২৮) এবং রামদাসপুর গ্রামের আবদুল বারেক মাঝির ছেলে বিল্লাল মাঝি (৪৫)। তারা সবাই মাছ ব্যবসায়ী।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান শনিবার সকালে সাংবাদিকদের জানান, মাছ ব্যবসায়ীরা বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাছের রেণু বিক্রি শেষে ট্রাকে করে নিজ জেলা ভোলায় ফিরছিলেন। পথে গঙ্গারামপুর স্লুইস গেইট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুলাল ও বিল্লাল নিহত হন। গিয়াস উদ্দিনকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত আটজনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। ক্রেন দিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed