Main Menu

তিন মাসে হেফাজতে ও ক্রসফায়ারে নিহত ৫৯

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ও ক্রসফায়ারে ৫৯ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন। নিহতদের মধ্যে র‌্যাবের ক্রসফায়ার ও হেফাজতে ৯ জন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪১ জন, ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় জন, পুলিশ ও র‌্যাব হেফাজতে দুজন ও বান্দরবানের লামায় সেনাবাহিনীর গুলিতে একজন মারা যান।
গণমাধ্যমে পাঠানো মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের ত্রৈমাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সংগঠনটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান স্বাক্ষরিত এই প্রতিবেদনে পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরও বলা হয়, বিগত তিন মাসে সাদা পোষাকধারী ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ২৫ জনকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে এদের মধ্যে চারজন ফেরত আসেন। একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। বাকিদের কোনও খোঁজ নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আটক কিংবা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে।
প্রতিবেদনে বলা হয়, বিগত তিন মাসে কারা হেফাজতে মারা গেছেন ১২ জন। তাদের মধ্যে পাঁচ জন কয়েদি ও সাতজন হাজতি। একই সময়ে রাজনৈতিক সংঘাতে মারা গেছেন ১৩ জন। আহত হয়েছেন আরও অন্তত ৯১৪ জন। এসময় গণপিটুনিতে মারা গেছেন আরও ১২ জন।

Share





Related News

Comments are Closed