Main Menu

জঙ্গি হামলার খবর পরিবেশনে সংযত হওয়ার আহ্বান

বৈশাখী নিউজ ডেস্ক: জঙ্গি হামলার খবর পরিবেশনে গণমাধ্যমগুলোকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান বলে বৈঠকের পর সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত অনেক প্রতিবেদন এমনভাবে প্রকাশ করা হয় যেগুলো দেখে জঙ্গিরা মনে করে যে তারা সফলভাবে তাদের অপারেশন সম্পন্ন করেছে। তাই জঙ্গি হামলার খবর পরিবেশনে গণমাধ্যমকে আরও সংযত হতে হবে।’
বৈঠকে নিজ নিজ এলাকায় জঙ্গি প্রতিরোধ কার্যক্রমে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এলাকায় এলাকায় জঙ্গি প্রতিরোধ করতে মন্ত্রিসভার সদস্যদেরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Share





Related News

Comments are Closed