সোনালী ব্যাংককে পেপ্যাল চালুর অনুমতি
বৈশাখী নিউজ ডেস্ক: অনলাইনভিত্তিক আর্থিক লেনদেনব্যবস্থা পেপ্যালের সেবা বাংলাদেশে চালু করতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংককে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক এবং প্রধান তথ্য কর্মকর্তা মোফাজ্জল বলেন, “পেইপ্যাল সেবা চালু সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিপত্র আজ বিকেলে আমাদের এমডির কাছে এসেছে।”
মোফাজ্জল বলেন, “দীর্ঘ আলোচনার পর আমরা সফল হয়েছি। গত বছর চুক্তির জন্য আমরা একটি সমঝোতা স্মারক (এমওইউ) করার প্রস্তাব পেপ্যালের কাছে পাঠিয়েছিলাম। পেপ্যাল এ বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ার পর আমরা তোড়জোড় শুরু করি। এখন বাংলাদেশ ব্যাংক অনুমতি দেওয়ার পর সব প্রক্রিয়াই সম্পন্ন হল। গত সপ্তাহে পেপ্যালের কর্মকর্তাদের সঙ্গে এমডির একটি বৈঠক হয়েছে। এখন দ্রুতই এ সেবা আমরা চালু করতে পারবে বলে আশা করছি”।
এর আগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, “প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশে পেইপ্যাল কার্যক্রম শুরুর চেষ্টায় আমরা অনেকদূর এগিয়েছি। আশা করি, ফ্রিল্যান্সারসহ দেশবাসীকে অল্প কিছুদিনের মধ্যে একটি সুখবর দিতে পারব।”
একটি পেপ্যাল একাউন্ট খোলার জন্য কোনো ব্যাংক একাউন্টের ইলেকট্রনিক ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের প্রয়োজন পড়ে। পেপ্যালের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে গ্রহীতা পেপ্যাল কর্তৃপক্ষের কাছে চেকের জন্য আবেদন করতে পারে, অথবা নিজের পেপ্যাল একাউন্টের মাধ্যমে খরচ করতে পারে অথবা পেপ্যাল একাউন্টের সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা করতে পারে।
২০১১ সাল থেকে বাংলাদেশ পেপ্যাল এর সেবা শুরুর বিষয়ে আলোচনা চলছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কয়েকটি অনুষ্ঠানে ইন্টারনেটের মাধ্যমে অর্থ লেনদেনে পেপ্যাল চালুর আশ্বাসও দিয়েছিলেন।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed