Main Menu

পরিবহন ধর্মঘট প্রত্যাহারে নীতিগত সিদ্ধান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: জনগনের সীমাহীন দুর্ভোগের পর অবশেষে সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে সমঝোতা শেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয় মালিক-শ্রমিক পক্ষের প্রতিনিধিরা।

মতিঝিলে বিআরটিএ ভবনের ৬ তলায় বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অফিসে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।

এসময় সরকারের ‘আশ্বাস পাওয়ার কথা’ জানিয়ে পরিবহন মালিক শ্রমিকদের যানবাহন চলাচল শুরুর আহ্বান জানান নৌমন্ত্রী শাহজাহান খান। মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তাদের স্বেচ্ছায় অবসর থেকে ফিরে আসার আহ্বান জানান নৌমন্ত্রী।

শাজাহান খান বলেন, “এখন থেকে যানবাহন চলাচলের জন‌্য মালিক ও শ্রমিক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তার বিশ্বাস, এই অনুরোধের পর দেশের সব সড়কে যোগাযোগ স্বাভাবিক হবে।” প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি এনায়েতুল্লাহ ও অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে ওবায়দুল কাদেরের দফতরে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে রুদ্ধদ্বার এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আমরা বৈঠকে বসেছিলাম। ধর্মঘটের বিষয়ে আলোচনা করেছি। এখন শ্রমিক নেতাদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

তিনি আরও বলেন, ‘ধর্মঘট নিয়ে নানা ধরনের ঘটনা ঘটছে। সবকিছু আমাদের নলেজে আছে। আমরা আশাবাদী আজকের মধ্যেই এ ধর্মঘট প্রত্যাহার হবে। ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে আজকের বৈঠকে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।

Share





Related News

Comments are Closed