Main Menu

ওসমানীনগর শিক্ষা অফিসে কর্তা অাছেন, কর্ম নেই

ওসমানীনগর প্রতিনিধি: নবগঠিত সিলেটের ওসমানীনগর উপজেলায় একজন সহকারী শিক্ষা কর্মকর্তা আছেন; কিন্তু তার কোনো কাজ নেই। পূর্ণাঙ্গ উপজেলা হলেও উপজেলায় শিক্ষা কর্মকর্তার কোনো পদ সৃষ্টি হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হলেও এক বছরের বেশি সময়েও এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

জানা যায়, বালাগঞ্জ উপজেলাধীন আটটি ইউপি নিয়ে গঠিত ওসমানীনগর থানাকে উপজেলা ঘোষণা করার পর ২০১৫ সালের জুলাই মাসে এর দাপ্তরিক কার্যক্রম শুরু হয়। একই বছরের আগস্টে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুনকে ওসমানীনগরে সংযুক্তি প্রদান করা হয়; কিন্তু কর্তা হিসেবে থাকলেও পদ সৃষ্টি না হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের কোনো কর্ম নেই তার।

এ পরিস্থিতিতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের, যে কারণে সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজের জন্য এখনও ছুটতে হচ্ছে বালাগঞ্জ উপজেলায়। উপজেলায় শিক্ষা অফিসের কার্যক্রম চালুর দাবিতে কিছুদিন আগে মানববন্ধন করেছিল শিক্ষকসহ এলাকার সচেতন মহল। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে আন্দোলন কর্মসূচি শুরু করবেন বলে জানান স্থানীয়রা।

সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুন বলেন, পদ সৃষ্টির ব্যাপারে ২০১৫ সালের অক্টোবরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কাগজপত্র পাঠানো হয়েছিল। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।
ওসমানীনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল লেইছ বলেন, স্বতন্ত্র উপজেলা হওয়া সত্ত্বেও উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস নেই। শিক্ষা অফিস চালুর দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী বলেন, উপজেলায় একজন সহকারী শিক্ষা কর্মকর্তা থাকলেও পদ সৃষ্টি না হওয়ায় প্রশাসনিক কোনো ক্ষমতা নেই তার। মাধ্যমিকের কোনো কর্মকর্তা বা দপ্তরও নেই। দীর্ঘদিনেও কর্তৃপক্ষ কার্যত কোনো ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান তিনি।

Share





Related News

Comments are Closed