Main Menu

স্কুলছাত্রী মুন্নী হত্যায় অভিযুক্ত সেই যুবকের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া গ্রামে স্কুলছাত্রী মুন্নী হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি আরাফাত আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার রতনপুর গ্রামে ফুপুর বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বুধবার সকালে ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য পাঠানো হয়েছে।

সোমবার গভীর রাতে স্কুলছাত্রী মুন্নি আক্তারের (১৩) ঘরে ঢুকে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠে আরাফাতের বিরুদ্ধে। মুন্নির পরিবার বলছে, বখাটে আরাফাত রহমানের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়েছে।

কুতুবদিয়া নয়াপাড়া এলাকার শহীদ মিয়ার মেয়ে মুন্নি চাপাইর বিবিএ উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী ছিল। আরাফাত রহমান গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক চাপাইর বেপারীপাড়া এলাকার আতাউর সরকারের ছেলে। আরাফাত কালিয়াকৈর ইউনাইটেড স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ মঙ্গলবার দুপুরে মুন্নির লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে আরাফাতকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন।

Share





Related News

Comments are Closed